রান্নাঘরে নেমে এলো মৃত্যুর পাহাড়, প্রাণ গেল গৃহবধূর
কক্সবাজারের ঝিলংজায় পাহাড়ধসে রান্নাঘরের ওপর মাটি চাপা পড়ে রোজিনা আক্তার (গৃহবধূ) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব কলাতলী ১ নম্বর ওয়ার্ডের ঝিরঝিরি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজিনা আক্তার ওই এলাকার বাসিন্দা আব্দুল মুজিবের স্ত্রী এবং সুলতান আহমদের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, রাতে পরিবারের জন্য খাবার রান্না করছিলেন রোজিনা। এ সময় পাশের পাহাড়ের একটি অংশ হঠাৎ ধসে সরাসরি রান্নাঘরের ওপর পড়ে। মাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি।
স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই অভিযোগ করেন, প্রায় ৫০ বছর ধরে তাদের পরিবার ওই এলাকায় বসবাস করছে। বাড়ির উঁচু অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কাটার কারণে পাহাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেই কাটা পাহাড় ধসেই তার বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
একই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কাটার কারণে পাহাড়টি দুর্বল হয়ে পড়েছিল। টানা বর্ষণে মাটি নরম হয়ে যাওয়ায় ধসের ঝুঁকি আরও বেড়ে যায়, যার পরিণতিতে এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, কক্সবাজারের বিভিন্ন এলাকায় বছরের পর বছর অবৈধভাবে পাহাড় কাটা হলেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। ফলে বর্ষা এলেই পাহাড়ধসে প্রাণহানি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটছে। তারা অবৈধ পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে জানিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত দিন