Views Bangladesh Logo

কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গ্রেপ্তার গৃহবধূর জামিন

সিরাজগঞ্জের তাড়াশে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গ্রেপ্তার হওয়া গৃহবধূ মোছা. জান্নাতি খাতুন (২৫) জামিন পেয়েছেন। শুক্রবার (১ মে) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক ওবায়দুল হক রুমি তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাটুল।

জান্নাতি খাতুন উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের পাটগাড়ী পাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি জানান, এনআই অ্যাক্টের মামলায় জান্নাতি খাতুনকে তাড়াশ থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই বছরের শিশুসন্তানও তার সঙ্গে ছিল।

স্থানীয় সূত্র জানায়, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংস্থা (টিএমএসএস) নামের একটি এনজিওর ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় জান্নাতির নামে ৫০ হাজার টাকা ঋণ নেওয়া হয়। তার স্বামী আব্দুর রাজ্জাক ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং চাকরির শর্ত অনুযায়ী ২৪ হাজার ৮০০ টাকা জামানত হিসেবে জমা রাখা হয়েছিল।

পরে চাকরি ছাড়ার পর ঋণ পরিশোধ না হওয়ায় এনজিও কর্তৃপক্ষ মামলা করে।

আব্দুর রাজ্জাক বলেন, ৫০ হাজার টাকার ঋণের মধ্যে প্রায় ২৫ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তার চাকরির জামানত হিসেবে রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানানো হলেও তা করা হয়নি। বরং জান্নাতির নামে মামলা করা হয় এবং জামানতের টাকাও ফেরত দেওয়া হয়নি।

এ বিষয়ে তাড়াশ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নাটোরের একটি আদালতে দায়ের করা মামলায় জান্নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়।

পরে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ