Views Bangladesh Logo

ঋণের ২৫ হাজার টাকা বাকি, দুই বছরের শিশু রেখে কারাগারে মা

ঋণের অবশিষ্ট ২৫ হাজার টাকা পরিশোধ করতে না পারায় একটি এনজিওর মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাড়িতে রয়ে গেছে তার দুই বছর বয়সী শিশুসন্তান।

গ্রেপ্তার হওয়া নারীর নাম জান্নাতি খাতুন (২৫)। তিনি উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী। বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাড়াশ থানা হাজতে রাখার পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন থানার ওসি হাবিবুর রহমান। শিশুটিকে তার নানির হেফাজতে দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক বছরখানেক আগে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ-টিএমএসএস এনজিওর নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির শর্ত অনুযায়ী তিনি ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা দেন এবং একই শাখা থেকে স্ত্রীর নামে ৫০ হাজার টাকা ঋণ নেন। পরে চাকরি ছেড়ে দেওয়ার পর ঋণের ২৫ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করেন।

আব্দুর রাজ্জাক জানান, বাকি পাওনার বিপরীতে তার জমা রাখা জামানতের টাকা সমন্বয় করতে শাখা ব্যবস্থাপকের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু তা না করে এনজিও কর্তৃপক্ষ তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে জান্নাতিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও অভিযোগ করেন, জামানতের ২৪ হাজার ৮০০ টাকা এখনো তাকে ফেরত দেয়নি টিএমএসএস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ