Views Bangladesh Logo

মাদক কারবারের অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারের অভিযোগে এক যুবক ও তার মাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে একদল লোক তাদের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। ঘটনায় বাড়ির একাধিক স্থাপনা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ জড়ো হন। পরে আওলাতলী গ্রামের বাসিন্দা পারভেজ মিয়া (২৫) ও তার মা পারভীন আক্তারকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে তুলে দেন।

পুলিশ জানায়, পারভেজের বাবা জামাল উদ্দিনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে আছেন। তবে পারভেজ ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তাধীন।

স্থানীয়দের অভিযোগ, পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিচার আদালতের মাধ্যমেই হওয়ার কথা। এর মধ্যেই মসজিদের মাইকে ঘোষণার পর বিপুলসংখ্যক মানুষ বাড়ির সামনে জড়ো হয়ে মা-ছেলেকে আটক করে এবং পুলিশ আসার আগেই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলেকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

অগ্নিসংযোগে তিনটি আধাপাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মা-ছেলেকে আটক করেছে। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় পৃথক আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ