ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় যেসব প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সহায়তায় হটলাইন চালু করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৭ মার্চ) সকালে সিলেট শহরের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস এর আয়োজিত হোলি উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এ ধরনের প্রবাসীরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করলে সরকার সাধ্য অনুযায়ী তাদের সহায়তা করবে। তিনি বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হচ্ছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজখবর রাখছে এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীও নিয়মিত খোঁজ নিচ্ছেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হলি উৎসব মনিপুরী উৎসব। মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা রয়েছে। সরকার সেগুলো নিরসনের কার্যকর পদক্ষেপ নিবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে