কুমিল্লায় দেয়াল ধসে হোটেল ম্যানেজারের মৃত্যু
কুমিল্লা জেলার দেবিদ্বার ও চান্দিনা সীমান্তবর্তী এলাকায় একটি গোডাউনের দেয়াল ধসে পড়ে মো. আব্দুস সামাদ (৭০) নামে এক হোটেল ম্যানেজারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি।
নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার গুনাইগর ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের পাশে অবস্থিত একটি টিনের গোডাউনের দেয়ালের সঙ্গে দীর্ঘদিন ধরে টিন রাখা ছিল। এতে দেয়ালের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে সেটি দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে দেয়ালটি ধসে হোটেলের ভেতরে পড়ে যায়। এতে ভবনের অংশ বিশেষ ধ্বংস হয়ে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ।
ঘটনার সময় হোটেলে থাকা অন্যান্য কর্মচারী ও ক্রেতারা দ্রুত বাইরে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ পরিচালনা করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে