হোপের শতকে ইংল্যান্ডকে হারাল ক্যারিবীয়রা
অধিনায়ক শাই হোপের অনবদ্য সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় পায় সর্বশেষ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ বলে অপরাজিত ১০৯ রান করে ম্যাচসেরা হন হোপ।
অ্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওপেনার ফিল সল্টের মারমুখী ব্যাটিংয়ে ৫০ বলে ৭৭ রানের সূচনা পায় ইংলিশরা। ২৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রান তুলে নবম ওভারে আউট হন সল্ট। পরের ওভারে ব্যক্তিগত ২৬ রানে আউট হন আরেক ওপেনার উইল জ্যাকস। চার নম্বরে নামা বেন ডাকেট ২০ রানে আউট হলেও, চতুর্থ উইকেটে ৮২ বলে ৭১ রান যোগ করেন জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুক। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৪৮ রানে রান আউট হন ক্রলি। মিডল অর্ডারে অধিনায়ক জশ বটলার ৩ ও লিয়াম লিভিংস্টোন ১৭ রানে থামার পর প্যাভিলিয়নের পথ ধরেন ব্রুক। ৪১তম ওভারে পেসার রোমারিও শেফার্ডের বলে আউট হবার আগে ৭টি চার ও ২টি ছক্কায় ৭২ বলে ৭১ রান করেন ব্রুক। শেষ দিকে স্যাম কারান ও ব্রাইডন কার্সের ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩২৫ রানের বড় সংগ্রহ পায় ইংলিশরা।
৩২৬ রানের জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে শতরানের সূচনা এনে দেন দুই ওপেনার অ্যালিক আথানাজে ও ব্রান্ডন কিং। শতরানের সূচনার পর ৪০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় ৫২ বলে ৫৬ রান তুলে দলকে লড়াইয়ে ফেরান হোপ ও শিমরোন হেটমায়ার। ৩৮তম ওভারে দলীয় ২০০ রানে হেটমায়ারকে শিকার করে ইংল্যান্ডকে ব্রেক থ্রূ এনে দেন পেসার গাস অ্যাটকিনসন। ষষ্ঠ উইকেটে রোমারিও শেফার্ডকে নিয়ে ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন হোপ। শেষ ৩ ওভারে ২৪ রানে সমীকরণ পায় ওয়েস্ট ইন্ডিজ।
৪৮তম ওভারের প্রথম বলে শেফার্ডকে শিকার করে জুটি ভাঙেন অ্যাটকিনসন। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে ৪৮ রান করেন শেফার্ড। হোপ শেফার্ড জুটি ৫১ বলে ৮৯ রান যোগ করেন। ৪৯তম ওভারে বোলিংয়ে আসা কারানের দ্বিতীয় থেকে পঞ্চম বলে ৩টি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত জয়ের স্বাদ দেন হোপ। ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে ওয়ানডেতে ১৬তম সেঞ্চুরির দেখা পান তিনি। ৪টি চার ও ৭টি ছক্কায় ৮৩ বলে অনবদ্য ১০৯ রান করেন হোপ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে