নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা
নাটোরের সদর উপজেলার চাঁদপুর বাজারে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ সড়কে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
বুধবার রাত ৮টার দিকে নিজের চিকিৎসালয়ের পাশের পাকা সড়কে আনারুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার কাফুরিয়া ইউনিয়নের দাসমারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। নাটোর-পুঠিয়া সীমান্তবর্তী চাঁদপুর বাজারে তার একটি হোমিও চিকিৎসালয় ছিল। সেখানে তিনি দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।
হাসপাতালের চিকিৎসক জানান, আনারুল ইসলামের মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত দিন