Views Bangladesh Logo

যমুনা সেতুতে যানজটে ভোগান্তি ঘরমুখো মানুষের, টোল আদায় ৩ কোটি ৮২ লাখ টাকা

ঈদযাত্রার চাপের মধ্যেও গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা টোল আদায় হয়েছে। তবে অতিরিক্ত যানচাপ সামাল দিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকামুখী যানবাহন নিয়ন্ত্রণ করায় সেতুর পশ্চিম পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো যাত্রীরা।

বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন। তিনি জানান, উত্তরবঙ্গমুখী যান চলাচল স্বাভাবিক রাখতে দুপুরের আগে পশ্চিম প্রান্তের টোল প্লাজায় সাময়িকভাবে ঢাকামুখী লেনের টোল আদায় বন্ধ রাখা হয়।

এর ফলে পশ্চিম পাশে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ সামাল দিতে দুপুরের আগে পশ্চিম পাশের টোল প্লাজা বন্ধ রাখা হয়েছিল। পরে দুপুরের পর তা আবার চালু করা হয়। কিন্তু এরই মধ্যে সায়েদাবাদ এলাকায় ঢাকামুখী যানবাহনের তীব্র যানজট সৃষ্টি হয়। টোল আদায় পুনরায় শুরু হলেও ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী—উভয় লেনেই যানজট অব্যাহত থাকে।

ভোগান্তিতে সবচেয়ে বেশি পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই তাদের ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশকে মহাসড়কে কাজ করতে দেখা যায়। বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে যানজটের ড্রোনচিত্র প্রকাশ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ