কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান প্রকৌশলী জসিম
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব মো. গোলাম রব্বানী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬’-এর ধারা ৫(২) অনুযায়ী প্রকৌশলী জসিম উদ্দিনকে গ্রেড-২ পদমর্যাদায় এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
শর্তানুযায়ী, দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে বা কোনো ব্যবসা ও পেশাগত সম্পর্ক থাকলে তাকে সম্পূর্ণরূপে তা ত্যাগ করতে হবে। এই আদেশের অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
প্রকৌশলী জসিম উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার উত্তর মেহেরনামা গ্রামের মাস্টার কামাল হোসেনের সন্তান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেন। ১৯৮৪ সালে তিনি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘ইস্টার্ন রিফাইনারি’-তে যোগ দেন এবং দীর্ঘ সফল কর্মজীবন শেষে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর নেন।
সংশ্লিষ্ট মহলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে পরিচিত তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী ও কন্যা পেশায় চিকিৎসক এবং ছেলে বর্তমানে একটি মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করছেন।
উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান পর্যটন জেলা কক্সবাজারের পরিকল্পিত নগরায়ন এবং নানাবিধ অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করে থাকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

মতামত দিন