বিএনপির অসহযোগ আন্দোলনের নিন্দা স্বরাষ্ট্রমন্ত্রীর
৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের আহ্বানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিন্দা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। তাহলে তাদের (বিএনপি নেতা-কর্মীদের) বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে তারা কী করবে?’
বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, এখন থেকে বর্তমান সরকারকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানও জানিয়েছে দলটি।
বিএনপির 'অসহযোগ আন্দোলন' প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমার প্রশ্ন যারা এই অসহযোগ আন্দোলন করছেন তাদের বাসায় বিদ্যুৎ- পানি বন্ধ হয়ে গেলে কি হবে? যেহেতু উনারাই অসহযোগ চাচ্ছেন।’
তিনি বলেন, তারা কি বুঝতে পারছেন যে গ্যাস বিদ্যুৎ বা পানির বিল না দিলে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকের সঙ্গে যা করে, তাদের সঙ্গেও তাই করবে; তখন কি হবে? সেটা নিয়ে তাদের মাথায় চিন্তা আসা উচিত।
মন্ত্রী বলেন, এ দেশের জনগণ তাদেরকে চেনে। এসব ডাকে জনগণ কোনোদিনই প্রতিক্রিয়া দেখায়নি। আমাদের জনগণ সময় মতো নির্বাচনে ভোট দেবে এবং নির্বাচন কমিশন (ইসি) আমাদেরকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে।
তিনি বলেন, আমি সবসময় বলেছি তারা নিশ্চিত জানে এ দেশের জনগণ তাদেরকে ভোট দেবে না, তাদের কর্মকাণ্ডে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তারা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং ক্রমাগতভাবে তারা একটার পর একটা কর্মসূচি দিচ্ছে। যাতে পরিস্থিতি অস্থিতিশীল করা যায় এবং নির্বাচন না হয় তারা সে চেষ্টা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের পর থেকে তারা ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে। বাসের ভেতর অগ্নিদগ্ধ করে হেলপারকে পুড়িয়ে মেরেছে, এখন শুরু করেছে রেললাইন উপড়ে ফেলা।
তিনি বলেন, আপনারা দেখেছেন চারজন মানুষকে চলন্ত গাড়িতে পুড়িয়ে মেরেছে তারা। এর আগেও গাজীপুর এলাকায় এরকম একটি ঘটনা ঘটিয়েছে। তারা অনবরত এ ধরনের নাশকতা চালিয়ে যাচ্ছে। একটা অস্থিতিকর পরিস্থিতি কিভাবে তৈরি করা যায় তারা শুধু সেই পায়তারা করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের মেন্ডেট নিয়েই ক্ষমতায় আসছেন এবং জনগণের ম্যান্ডেডকেই তিনি সরকার বদলানোর একমাত্র উপায় বলে মনে করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে