পুলিশ সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নিতে জাপানের সহায়তা চেয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি-র সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর মাধ্যমে জাপান মেট্রোরেল ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালসহ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনের ক্ষেত্রেও জাপানের সহযোগিতা নেওয়ার বিষয়ে বাংলাদেশ প্রস্তাব দেবে বলে তিনি জানান।
রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি প্রকল্প গত বছর সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও পুলিশ ও ডিএমপির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী জাপান।
চলতি বছর হলি আর্টিজান হামলা-র দশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্বিপাক্ষিক এ বৈঠকে উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে