টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে দীর্ঘ এক বছর ধরে বাণিজ্য কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এই স্থবির অবস্থার মধ্যেই মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বন্দরটি পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বন্দরে পৌঁছালে কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। মন্ত্রী বন্দরের জেটি এলাকা ঘুরে দেখেন এবং বন্দরের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় গুদাম (ওয়্যারহাউস), প্রশাসনিক ভবন ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া বন্দরের জন্য গুরুত্বপূর্ণ নাফ নদী এলাকাও পরিদর্শন করেন তিনি।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে এই স্থলবন্দরের কার্যক্রম আংশিক স্থগিত রয়েছে। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত ব্রিফ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী মহল আশা করছে, এই সফরের পর চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুতই টেকনাফ স্থলবন্দরের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে