ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন রুটিন সতর্কতামূলক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার সতর্কতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে। তারা মিছিল-মিটিংয়ের মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে। এমন দুই-একটি ঘটনা আমরা দেখেছি। এতে আমাদের মনে হয়েছে, তারা হয়তো অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে। সেই বিবেচনায় আমরা সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।’
তিনি জানান, সোমবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত আইন অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই মোতায়েনের আওতায় থাকবে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অপতৎপরতা যেন সঙ্গে সঙ্গে মোকাবেলা (অ্যাড্রেস) করা যায়, সেজন্যই এই সেনা মোতায়েন। এই সিদ্ধান্ত পুলিশের ব্যর্থতার কারণে নয়, বরং রুটিন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "আস্থা-অনাস্থার প্রশ্ন আসে কেন? আমাদের পুলিশ বাহিনী অনেক কৃতিত্বপূর্ণ কাজ করেছে, তাদের অনেক অর্জন আছে। আমরা সেগুলো পুরস্কৃতও করেছি। কোথাও কোথাও কেউ শৃঙ্খলাবহির্ভূত কাজ করলে তাদের শাস্তিও দেওয়া হয়েছে। এখানে আস্থাহীনতার কোনো বিষয় নেই।"
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রেই আমরা ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় কখনও বিজিবি, কখনও সেনা সদস্যদের নিয়োগ করি। এটি একটি রুটিন ওয়ার্ক।
মতামত দিন