আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর কড়া নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে যারা কার্যকর ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের আমরা পুরস্কৃত করব। গত সপ্তাহে এ রকম দুজন ফ্যাসিবাদের শক্ত দোসর গ্রেপ্তার হয়েছে, গতকালও একজন হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এতদিন এখানেই লুকিয়ে ছিল তারা। আমাদের ইন্টেলিজেন্স সাপোর্ট কোথায় ছিল? পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আমি সবচাইতে উত্তম মনে করি। অন্যান্য অর্গানাইজেশনের যে ইন্টেলিজেন্স সাপোর্ট, সেটা আমি মিলিয়ে দেখা ও কম্পেয়ার করার জন্য নেই। আপনাদের ইন্টেলিজেন্স সাপোর্ট আপনারা ইউজ করুন।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং বিগত সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী এক মাসে এ দেশে প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন। যারা এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করতে পারে, আসমান থেকে গুলি করে দেশের নাগরিকদের হত্যা করতে পারে, যারা বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনকে দলীয়করণ করে এ দেশকে গণতন্ত্রহীন একটা রাষ্ট্রে পরিণত করতে পেরেছিল, সেই শক্তিকে বাংলাদেশের মানুষ কি কখনো আহ্বান জানাবে? এ দেশের মানুষ কি কখনো চাইতে পারে তারা বাংলাদেশের রাজনীতি করুক?
তিনি আরও বলেন, যারা সেই বর্বর হত্যাকাণ্ডের পরেও কোনোদিন দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা নেই, ক্ষমা প্রার্থনা করেনি, তারা বাংলাদেশের বাইরে থেকে আওয়াজ দিচ্ছে।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকারের পদক্ষেপের কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে অফিশিয়ালি রিকোয়েস্ট করেছি। আপনারা সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদেরকে ফেরত দেন।
তবে পলাতকদের স্বেচ্ছায় দেশে ফিরে আসার সুযোগ খোলা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা যদি স্বেচ্ছায় আসে, আইনের মুখোমুখি হয় তাহলে তো ভালো। আইন নিজস্ব গতিতে চলবে, আইনের নিজের কোর্স অনুযায়ী চলবে।
অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন