রাষ্ট্রপতির সাক্ষাৎকার: কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকার দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে তিনি গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের সময়কালকে ‘চরম অবমাননাকর’ হিসেবে অভিহিত করেছেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসাংবিধানিকভাবে তাকে অপসারণের চেষ্টার অভিযোগ এনেছেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে। সরকার কোনো পরিস্থিতিতেই মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
অপরদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, সাক্ষাৎকারে স্পর্শকাতর বিষয়গুলো উঠে এসেছে। বিশেষ করে বিএনপি প্রসঙ্গ এবং অন্তর্বর্তী সরকারের সময় তাকে সহযোগিতা না করার বিষয়গুলো। বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
বেসরকারি কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেন, অন্তর্বর্তী সরকার তাকে ‘প্রাসাদবন্দি’ করে রেখেছিল। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং বিদেশ সফর বিষয়ে তাকে কোনো তথ্য দেওয়া হতো না।
এক পর্যায়ে তাকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির পদে বসানোর চক্রান্তও করা হয়েছিল, যা তিনি অসাংবিধানিক হিসেবে অভিহিত করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, এই কঠিন সময়ে বিএনপি ও সশস্ত্র বাহিনী তার পাশে থেকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে