আইন নিজের হাতে তুলে নেয়ার কারো অধিকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক তরুণকে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনাটিকে দুঃখজনক হিসেবে মন্তব্য করলেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন নিজের হাতে তুলে নেয়ার কারো অধিকার নেই।”
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এটি কীভাবে রোধ করা যায়-গণমাধ্যমকর্মীদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়। সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনতা বাড়াতে সাহায্য করুন।’
উপদেষ্টা বলেন, ‘পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় কী সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশা আছে আমাদের।’
জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, ‘সত্যিকার অপরাধীদের বিরুদ্ধেই মামলা হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা দেখা হবে। আবার তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার যেন না হয়, সেটার কথাও বলা হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশকে পুরোনো রূপে মানবিক পুলিশ হতে উজ্জীবিত করে কীভাবে তাদের পুরোনো গৌরব ফিরে পাওয়া যায় এবং জনবান্ধব পুলিশ যেন বাস্তবে হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। থানা পর্যায়ে লোকজনকে অনেক সময় বিভিন্ন কাজের জন্য গিয়ে তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারে না, সবসময় সমাধান সম্ভবও নয়। কিন্তু তারপরেও কীভাবে সমাধান করা যায় এটা বলা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে