Views Bangladesh Logo

আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে আকস্মিক থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আকস্মিক রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ( ১০ মার্চ ) রাজধানীর তেজগাঁও, কলাবাগান, শাহবাগ এবং নিউমার্কেট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা এবং অন্যান্য আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। একইসঙ্গে ডিউটি অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আরও তৎপর, সজাগ এবং সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

এ ছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি চেকপোস্ট/তল্লাশিচৌকি পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি যৌথ বাহিনীর কয়েকটি টহল দলের কার্যক্রমও মনিটরিং করেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত ও অপরাধপ্রবণতা রোধে রমজানে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে এবং টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়া যৌথ বাহিনীর টহল কার্যক্রমের মনিটরিংয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ