Views Bangladesh Logo

আজ পবিত্র হজ

 VB  Desk

ভিবি ডেস্ক

আজ ৯ জিলহজ (মঙ্গলবার) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালন করছেন লাখো ধর্মপ্রাণ মুসলমান। আরাফাতের ময়দান এখন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত। ফজরের নামাজের পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০ লাখের বেশি মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন, যাদের মধ্যে ৭৮ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী রয়েছেন।

সফেদ-শুভ্র এহরামে আচ্ছাদিত হাজিদের উপস্থিতিতে চার বর্গমাইল বিস্তৃত আরাফাতের ময়দান পরিণত হয়েছে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা সেখানে অবস্থান করে ইবাদত, জিকির-আসকার ও দোয়া-মোনাজাতে অংশ নেবেন। একই সঙ্গে তারা হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এ বছর মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে হজের খুতবা দেবেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সূর্যাস্তের পর হাজিরা মুযদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করে রাতযাপন করবেন এবং মিনায় জামরাতে নিক্ষেপের জন্য ৭০টি কংকর সংগ্রহ করবেন। ১০ জিলহজ মিনায় পৌঁছে পর্যায়ক্রমে জামরাতে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং তাওয়াফে জিয়ারত সম্পন্ন করবেন। পরে বিদায়ি তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

এর আগে হাজিরা সারা দিন ও রাত মিনায় অবস্থান করেন, যেখানে লাখো তাঁবুর অস্থায়ী নগরীতে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়।

হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুযদালিফাসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে সৌদি সরকার। মোতায়েন করা হয়েছে এক লাখের বেশি নিরাপত্তাকর্মী। এর পাশাপাশি ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রখর গরম মোকাবিলায় ৪০টির বেশি সরকারি সংস্থা ও আড়াই লাখ কর্মকর্তা কাজ করছেন।

এছাড়া হজ ব্যবস্থাপনায় যুক্ত করা হয়েছে ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ প্রযুক্তিও।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ