১২ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা
বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে সফর মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১২ আগস্ট (বুধবার) পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি সফর মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুসলিম বিশ্বে আখেরি চাহার সোম্বা ধর্মীয় গুরুত্বের সঙ্গে পালিত হয়। ফারসি ভাষায় ‘আখের’ অর্থ শেষ এবং ‘চাহার সোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।
ইসলামি ঐতিহ্য অনুযায়ী, এ দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.) অসুস্থতা থেকে সাময়িক সুস্থ হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। সেই স্মরণে বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানরা দিনটি ইবাদত-বন্দেগি ও শুকরিয়ার মাধ্যমে পালন করে থাকেন।
মতামত দিন