অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
নতুন নির্বাচন কমিশন (ইসি) অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন বলেন, যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি। এটাকে আমার জীবনের একটি বড় সুযোগ হিসেবে দেখছি; এ সুযোগ জাতির জন্য কিছু করার।
তিনি বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, অনেক সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে।
এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন ও অন্য চার নির্বাচন কমিশনার (ইসি) শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের ও ইসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া চার নির্বাচন কমিশনার হলেন মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নাসির উদ্দীন বলেন, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন অনুষ্ঠানের জন্য কিছু সংস্কারের প্রয়োজন হবে। সরকার নির্বাচন কমিশন সংস্কার কমিশন গঠন করেছে, তারা ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তা আমরা করব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে