Views Bangladesh Logo

৯০ দিনের মধ্যেই হকি ফেডারেশনের নির্বাচন, মাঠে ফিরছে ঘরোয়া আয়োজন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ হকি ফেডারেশনে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। দায়িত্ব পাওয়ার ৯০ দিনের নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজন করতে চায় নতুন কমিটি। সোমবার (১০ আগস্ট) প্রথম নির্বাহী সভায় বসে এ বিষয়ে নিজেদের অগ্রাধিকার ঠিক করেছে ফেডারেশন।

বিমানবাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক জানান, দায়িত্ব নেওয়ার পর এরই মধ্যে প্রায় ২০ থেকে ২৫ দিন পেরিয়ে গেছে। বাকি সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। নির্বাচন আয়োজনের কাজ এগিয়ে নিতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনই কমিটির প্রধান লক্ষ্য।

গত জুলাইয়ে ক্রীড়া মন্ত্রণালয় আগের অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করে। এরপর এখন পর্যন্ত অন্য কোনো ফেডারেশন তাদের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রকাশ করেনি। সেই জায়গায় হকি ফেডারেশনই প্রথম নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন শেষ করার ঘোষণা দিল।

নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গে সাম্প্রতিক সফরে বাংলাদেশের হকির উন্নয়ন নিয়ে তাঁর আলোচনা হয়েছে। ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক হকি ফেডারেশন বাংলাদেশকে হকি টার্ফসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে।

এদিকে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশে হকির আয়োজন বাড়ানোর পরিকল্পনা করছে নতুন কমিটি। সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক জানিয়েছেন, ছয় দেশের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ঘরোয়া হকি সচল করতে কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে লিগ কমিটির দায়িত্ব থাকবে সেপ্টেম্বরে প্রথম বিভাগ হকি লিগ আয়োজনের প্রস্তুতি নেওয়া।

দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে ফাইভ-এ-সাইড হকির জন্য টার্ফ তৈরির উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ ক্ষেত্রে ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা। নির্বাচন আয়োজনের পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতা নিয়মিত করা এবং তৃণমূল পর্যায়ে হকির অবকাঠামো বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে নতুন অ্যাডহক কমিটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ