Views Bangladesh Logo

শুধু কল ও এসএমএসের জন্য এইচএমডির নতুন ফিচার ফোন

 VB  Desk

ভিবি ডেস্ক

স্মার্টফোনের অতিরিক্ত সুবিধা, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন নেই, শুধু কথা বলা ও খুদে বার্তা পাঠানোর জন্য সহজ একটি ফোন চান অনেকে। এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন ফিচার ফোন এনেছে এইচএমডি। ‘এইচএমডি ১০৬ ২জি’ মডেলের এই ফোনে রয়েছে দুটি সিম ব্যবহারের সুবিধা, ১ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি এবং দৈনন্দিন যোগাযোগের জন্য প্রয়োজনীয় কয়েকটি সাধারণ সুবিধা।

ফোনটিতে রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চির এলসিডি পর্দা। প্রক্রিয়াকরণে ব্যবহার করা হয়েছে ইউনিসক ৬৫৩৩জি চিপসেট। এতে ৪ মেগাবাইট র‌্যাম ও ৮ মেগাবাইট অভ্যন্তরীণ সংরক্ষণক্ষমতা রয়েছে। ফোনটি পরিচালিত হয় হালকা এস৩০ প্লাস অপারেটিং ব্যবস্থায়। মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে ফোনটি শুধু দ্বিতীয় প্রজন্মের বা ২জি প্রযুক্তি সমর্থন করে।

এইচএমডি ১০৬ ২জিতে ১ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। স্মার্টফোনের তুলনায় এর ধারণক্ষমতা কম হলেও ফোনটির ছোট পর্দা ও সীমিত হার্ডওয়্যারের কারণে বিদ্যুৎ খরচও তুলনামূলকভাবে কম। ফলে একবার চার্জে দীর্ঘ সময় ফোনটি ব্যবহার করা সম্ভব হতে পারে।

সংযোগের জন্য এতে ব্লুটুথ ৪.২ প্রযুক্তি রয়েছে। চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে মাইক্রো ইউএসবি সংযোগব্যবস্থা। পাশাপাশি রয়েছে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন সংযোগ। ধুলা ও পানির হালকা ছিটা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৫২ মানও রয়েছে। তিনটি ভিন্ন রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে।

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কমাতে চান এমন ব্যক্তিদের জন্য এই ফোনটি কাজে আসতে পারে। বিশেষ করে ডিজিটাল বিরতি নেওয়া, বিকল্প ফোন হিসেবে ব্যবহার কিংবা জরুরি যোগাযোগের জন্য এটি বেছে নেওয়া যেতে পারে। যারা শুধু ফোন করা ও খুদে বার্তা পাঠানোর জন্য একটি সহজ ডিভাইস চান, তাদের জন্যও এটি একটি সম্ভাব্য বিকল্প।

তবে ফোনটি কেনার আগে সংশ্লিষ্ট এলাকায় ২জি নেটওয়ার্ক সেবা চালু আছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল অপারেটররা ধীরে ধীরে ২জি নেটওয়ার্ক বন্ধ বা সীমিত করছে। তাই কোনো এলাকায় ২জি সেবা না থাকলে সেখানে ৪জি সমর্থিত ফিচার ফোন ব্যবহার করাই বেশি উপযোগী হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ