Views Bangladesh Logo

প্রিভিউতেই বাজিমাত, ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’-এর আয় ৪.৭ মিলিয়ন ডলার

মুক্তির আগেই বক্স অফিসে শক্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছে হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’। বৃহস্পতিবারের প্রিভিউ প্রদর্শনী থেকেই ছবিটি আয় করেছে ৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার। ফলে টানা ছয় সপ্তাহ ধরে বক্স অফিসের শীর্ষে থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর আধিপত্যে এবার ভাটা পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ওয়ার্নার ব্রাদার্সের ফ্যান্টাসি ঘরানার এই সিক্যুয়েলটি উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহে ৩০ থেকে ৪০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকেও আসতে পারে আরও ১৮ থেকে ২৫ মিলিয়ন ডলার। সেই হিসাবে বিশ্বব্যাপী প্রথম সপ্তাহে ছবিটির আয় ৪৮ থেকে ৬৫ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭৫ মিলিয়ন ডলার।

১৯৯৮ সালের জনপ্রিয় ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর গল্পের ধারাবাহিকতায় তৈরি হয়েছে নতুন সিনেমাটি। প্রায় ২৫ বছর পর আবারও পর্দায় ফিরেছেন স্যালি ও গিলিয়ান ওউয়েন্স চরিত্রের স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান। দুই বোনের জাদুকরী জীবনের পাশাপাশি এবার গল্পের কেন্দ্রে রয়েছে তাদের পারিবারিক অভিশাপ ভাঙার লড়াই।

গল্প অনুযায়ী, ওউয়েন্স পরিবারের ওপর রয়েছে ভয়ংকর এক অভিশাপ। পরিবারের কোনো নারী যে পুরুষের প্রেমে পড়েন, শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে। সেই অভিশাপ থেকে মুক্তি পেতে এবার নতুন এক অভিযানে নামবেন স্যালি ও গিলিয়ান। এই যাত্রায় স্যালির দুই মেয়ে কাইলি ও অ্যান্টোনিয়াও যুক্ত হবে।

সুজান বিয়ারের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান ছাড়াও অভিনয় করেছেন জোয়ি কিং, মেইসি উইলিয়ামস, স্টকহার্ড চ্যানিং, ডায়ান উইস্ট, লি পেস, জোলো মারিদুয়েনা ও সলি ম্যাকলিওড। আন্তর্জাতিক বাজারে ৯ সেপ্টেম্বর এবং উত্তর আমেরিকায় ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটি।

এদিকে একই সময়ে মুক্তি পেয়েছে ডিজনির মিউজিক ডকুমেন্টারি ‘ওয়েসিস: ডোন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার’। ছবিটি প্রথম সপ্তাহে ৫ থেকে ৭ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে দীর্ঘ বিরতির পর একসঙ্গে ফেরা ওয়েসিসের দুই ভাই লিয়াম গ্যালাঘার ও নোয়েল গ্যালাঘারের বহুল আলোচিত ওয়ার্ল্ড ট্যুরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ