Views Bangladesh Logo

মাথায় হাতুড়ির আঘাত করে রিকশা ছিনতাই, দু’দিনেও জ্ঞান ফেরেনি চালকের

খুলনায় যাত্রীবেশে এসে মাথায় হাতুড়ি দিয়ে গুরুতর জখম করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দু’দিন পেরিয়ে গেলেও আহত চালক রনির জ্ঞান ফেরেনি। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রনির মাথায় অস্ত্রোপচার করা হলেও এখনো তিনি অচেতন রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ শেষে রনি খুলনার খালিশপুর এলাকার গ্যারেজ থেকে নিজের অটোরিকশা বের করেন। পরে সকালে এক ব্যক্তি যাত্রী সেজে বড় মির্জাপুর হয়ে মির্জাপুর ক্রসরোড এলাকায় যাওয়ার কথা বলে তার অটোরিকশায় ওঠে। নির্জন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ওই যাত্রী হাতুড়ি দিয়ে রনির মাথায় পরপর একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে দুর্বৃত্ত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং দুপুর ২টার দিকে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় এখনো তার জ্ঞান ফেরেনি।

আহত রনির স্ত্রী মুক্তা জানান, তার স্বামী পেশায় একজন অটোরিকশাচালক ও মিস্ত্রি এবং সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রায় এক মাস আগে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি অটোরিকশাটি কিনেছিলেন। সেই গাড়ি দিয়েই সংসার চলত।

তিনি বলেন, হঠাৎ এই ঘটনায় আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেছে। স্বামী এখনো কথা বলতে পারছে না, জ্ঞানও ফেরেনি। গাড়িটাও নেই। কীভাবে চিকিৎসার খরচ চালাব, কীভাবে সংসার চলবে—কিছুই বুঝতে পারছি না।

এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আহত রনির বাড়ি খালিশপুর এলাকায়। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন থাকায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ