আজতেকায় ইতিহাসের পুনরাবৃত্তি, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা
২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে ‘এ’ গ্রুপের ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াই দিয়ে। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। এর আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবলের সর্বোচ্চ আসরের ২৩তম অধ্যায়।
এই ম্যাচ ঘিরে রয়েছে ইতিহাসের এক বিশেষ পুনরাবৃত্তি। ঠিক ১৬ বছর আগে, একই দিনে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচে সিফিওয়ে শাবালালার দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পরে সমতা ফেরায় মেক্সিকো, ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এবার অবশ্য স্বাগতিকের ভূমিকায় মেক্সিকো।
বিশ্ব ফুটবলের ইতিহাসে এস্তাদিও আজতেকা অনন্য মর্যাদার অধিকারী। এই স্টেডিয়ামে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আর কোনো স্টেডিয়ামের অর্জন নয়।
ম্যাচে স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামছে মেক্সিকো। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতে অপরাজিত ছিল দলটি। গত ৪ জুন সার্বিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তারা। দলের আক্রমণভাগের বড় ভরসা রাউল হিমেনেজ, যিনি ১২৪ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৪৫ গোল।
এছাড়া আজতেকার প্রায় ৮০ হাজার দর্শকের সমর্থনও মেক্সিকোর জন্য বড় শক্তি হতে পারে। তবে টুর্নামেন্টের আগে সিজার মন্তেস, এডসন আলভারেজ, লুইস শাভেজ ও আলেক্সিস ভেগার চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে দলটি। গোলবারের নিচে কে শুরু করবেন, তা নিয়েও রয়েছে কিছু প্রশ্ন।
অন্যদিকে আন্ডারডগ হিসেবেই বিশ্বকাপ শুরু করছে দক্ষিণ আফ্রিকা। কোচ হুগো ব্রুসের দল প্রস্তুতি ম্যাচে নিকারাগুয়ার সঙ্গে গোলশূন্য ড্র এবং জ্যামাইকার বিপক্ষে ১-১ ড্র করেছে। ফলাফল নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন এই বেলজিয়ান কোচ।
তবে কঠিন প্রস্তুতির মধ্যেও দক্ষিণ আফ্রিকা দেখিয়েছে যে তারা সহজে হার মানার দল নয়। ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার অনুপ্রেরণাও তাদের বাড়তি শক্তি জোগাতে পারে। ব্রুস স্বীকার করেছেন, গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মেক্সিকো। তবুও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চান তিনি এবং স্বাগতিক দর্শকদের চাপে ভেঙে পড়তে নারাজ।
সব মিলিয়ে ইতিহাস, আবেগ এবং প্রত্যাশার মিশেলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

মতামত দিন