পাকিস্তানকে হারিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে বড় উন্নতি বাংলাদেশি ক্রিকেটারদের
পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের ঐতিহাসিক জয় পাওয়ার পর আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটার।
চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটি বাংলাদেশের প্রথম জয়। ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে ম্যাচসেরা হন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এই পারফরম্যান্সের ফলে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন শান্ত। পাশাপাশি তিনি ক্যারিয়ারসেরা রেটিংও অর্জন করেছেন।
বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যেও উন্নতি হয়েছে। মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬তম স্থানে এবং মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠে এসেছেন।
বোলিং র্যাঙ্কিংয়েও এসেছে অগ্রগতি। পাকিস্তানের দুই ইনিংসেই চারটি করে উইকেট নেওয়া তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠেছেন। অন্যদিকে দীর্ঘ বিরতির পর দলে ফিরে চার উইকেট নেওয়া তাসকিন আহমেদ আবার র্যাঙ্কিংয়ে ফিরেছেন, তার অবস্থান এখন ৪৮তম।
নাহিদ রানা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এই পারফরম্যান্সের ফলে তিনি পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে