Views Bangladesh Logo

ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

আজ ১০ এপ্রিল। জাতির ইতিহাসে অবিস্মরণীয় এই দিনে ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা পরবর্তীতে ‘মুজিবনগর সরকার’ নামে খ্যাতি লাভ করে। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করে গঠিত এই সরকার মুক্তিযুদ্ধকে সংগঠিত ও পরিচালনার জন্য রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো তৈরি করে। এর নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের পর বাংলাদেশ বিজয় অর্জন করে।

সরকার গঠনের পরপরই প্রবাসী এই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান তাজউদ্দীন আহমদ। মন্ত্রী হিসেবে শপথ নেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান।

সরকার গঠনের এক সপ্তাহ পর ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমান মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলার আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে এই অস্থায়ী বিপ্লবী সরকার। পরবর্তীতে ওই আমবাগানকে ‘মুজিবনগর’ নামকরণ করে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।

মুজিবনগর সরকারের সুদক্ষ নেতৃত্বে রাজনৈতিক কর্মকাণ্ড, কূটনৈতিক তৎপরতা ও প্রচারণার মাধ্যমে বিশ্বজনমত গঠনে সফল হয় বাংলাদেশ। এই সরকারের মাধ্যমেই মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে।

দিবসটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ