মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হবে: ইশরাক
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ, সেখানে স্মৃতিস্তম্ভ বা স্মৃতিচিহ্ন নির্মাণ এবং সংশ্লিষ্ট ইতিহাস নথিভুক্ত করতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শুক্রবার (৩১ জুলাই) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ফুলহার গ্রামের ধরলেশ্বরী নদীর তীরবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, সিরাজদিখানের সৈয়দপুর গ্রামে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের তিনটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এসব স্থানের পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ, নথিভুক্তকরণ এবং স্মৃতিচিহ্ন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে মন্ত্রণালয়।
তিনি বলেন, বাংলাদেশের জন্ম মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, এমনকি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানও মুক্তিযুদ্ধের মূল আদর্শকে ধারণ করেই পরিচালিত হয়েছে।
এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দীন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসায় মধুপুরের পীর আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মতামত দিন