১০ কোটি ৪ লাখ ভিউ, নেটফ্লিক্সের প্রথমার্ধের শীর্ষে ‘হিজ অ্যান্ড হার্স’
খুনের তদন্ত, দাম্পত্যের টানাপোড়েন আর পরস্পরকে ঘিরে সন্দেহ। এমন গল্প নিয়ে নির্মিত নেটফ্লিক্সের রহস্য-থ্রিলার সিরিজ ‘হিজ অ্যান্ড হার্স’ ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে।
নেটফ্লিক্সের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিরিজটির ভিউ হয়েছে ১০ কোটি ৪ লাখ। ছয় পর্বের এই সিরিজ মুক্তি পায় গত ৮ জানুয়ারি। অ্যালিস ফিনির ২০২০ সালের একই নামের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন উইলিয়াম ওল্ডরয়েড।
সিরিজের গল্পে দেখা যায়, আটলান্টার টেলিভিশন সাংবাদিক আনা অ্যান্ড্রুজ নিজের পুরোনো শহরে একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাটি অনুসন্ধানে নামেন। কিন্তু তদন্তের সঙ্গে যুক্ত গোয়েন্দা জ্যাক হার্পার তাঁর বিচ্ছিন্ন স্বামী। ফলে হত্যারহস্যের পাশাপাশি তাঁদের ভেঙে যাওয়া সম্পর্কও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
আনা ও জ্যাক একই হত্যাকাণ্ডকে দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। তদন্ত যত এগোয়, ততই দুজনের একে অপরকে নিয়ে সন্দেহ বাড়তে থাকে। কে সত্য বলছে আর কে তথ্য গোপন করছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যায় গল্প।
প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন টেসা থম্পসন ও জন বার্নথাল। তাঁদের পাশাপাশি অভিনয়ে আছেন পাবলো শ্রেইবার, ক্রিস্টাল ফক্স, সুনীতা মণি, রেবেকা রিটেনহাউস ও মেরিন আয়ারল্যান্ড।
দর্শকের কাছে সিরিজটি জনপ্রিয় হলেও সমালোচকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। রটেন টমেটোজে এর সমালোচক স্কোর ৭১ শতাংশ এবং দর্শক স্কোর ৬২ শতাংশ। সমালোচকদের কেউ অভিনয় ও গল্পের গতি প্রশংসা করেছেন, আবার কেউ গল্পের যুক্তি ও কিছু চরিত্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
নেটফ্লিক্সের হিসাব অনুযায়ী, প্রথমার্ধে ‘হিজ অ্যান্ড হার্স’-এর পরেই ছিল ‘ব্রিজারটন’-এর চতুর্থ মৌসুম। সেটির ভিউ হয়েছে ১০ কোটি ২ লাখ। ফলে মাত্র দুই লাখ ভিউয়ের ব্যবধানে সিরিজ দুটির অবস্থান নির্ধারিত হয়েছে।
সুত্র: নেটফ্লিক্সডটকম
মতামত দিন