Views Bangladesh Logo

চাকরি বাঁচাতে মুসলিম তরুণকে এক শতক জমি দিলেন হিন্দু প্রতিবেশী

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক হিন্দু ব্যক্তি। চাকরি পাওয়ার পর নিয়োগের ভেরিফিকেশনে বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় বাদ পড়ার আশঙ্কায় থাকা এক মুসলিম তরুণকে কোনো ধরনের আর্থিক বিনিময় ছাড়াই এক শতক জমি দান করেছেন তার প্রতিবেশী।

রোববার (৪ অক্টোবর) জুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সরকারি বিধিবিধানের বিষয়টি বিবেচনায় নিয়ে দাতা ও গ্রহীতার পরিচয় প্রকাশ করতে চাননি তিনি। তার ভাষ্য অনুযায়ী, তরুণটির চাকরির ভেরিফিকেশনসংক্রান্ত জটিলতার কথা জানতে পেরে প্রতিবেশী ওই ব্যক্তি নিজ উদ্যোগে জমি দেওয়ার সিদ্ধান্ত নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণ সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়ার পর ভেরিফিকেশন প্রক্রিয়ায় সমস্যায় পড়েন। তার পরিবারের দীর্ঘদিন ধরে নিজস্ব কোনো বাড়ি বা স্থাবর সম্পত্তি ছিল না। তারা জুড়ী উপজেলায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ভেরিফিকেশনের সময় বাবার নামে জমি বা অন্য কোনো স্থাবর সম্পত্তি না থাকার বিষয়টি সামনে এলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

জুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন বলেন, চাকরি পাওয়া ওই মুসলিম তরুণের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় ভেরিফিকেশনে জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টি জানতে পেরে তার প্রতিবেশী এক হিন্দু ব্যক্তি কোনো বিনিময় ছাড়াই এক শতক জমি দান করেছেন। এমনকি জমি রেজিস্ট্রেশনের খরচও তিনি নিজেই বহন করেছেন।

সাব-রেজিস্ট্রার আরও জানান, ওই তরুণের পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছে। তাদের পরিস্থিতির কথা জানতে পেরে প্রতিবেশী ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার সিদ্ধান্ত নেন। জমি দানের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। চাকরির মতো গুরুত্বপূর্ণ একটি সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় থাকা এক তরুণের পাশে কোনো প্রত্যাশা ছাড়াই দাঁড়ানোর ঘটনাকে তারা মানবিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বিশেষ করে ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও প্রতিবেশীর বিপদে এগিয়ে আসার বিষয়টি স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা বলছেন, মানুষের পাশে দাঁড়াতে ধর্মীয় পরিচয় যে বাধা হতে পারে না, জুড়ীর এই ঘটনা তারই একটি উদাহরণ। একজন তরুণের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে প্রতিবেশীর এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সহায়তা নয়, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ