Views Bangladesh Logo

রংপুরে চার খুন: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম হিন্দু মহাজোটের

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে শুক্রবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

তাদের অভিযোগ, রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় পুলিশ প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে।

কর্মসূচিতে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতা-কর্মীরা হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ অবস্থায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে রংপুরের হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ন্যায়সংগত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় একই এলাকার দুই যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। পরে আদালতেও দেওয়া জবানবন্দিতে তারা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ