Views Bangladesh Logo

৮–১৩ ফেব্রুয়ারি মোবাইল ব্যাংকিংয়ে বড় অঙ্কের লেনদেন স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিং সেবায় বড় অঙ্কের লেনদেন সীমিত করা হচ্ছে। এই ছয় দিন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠাতে পারবেন, আর প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ফলে কার্যত বড় অঙ্কের অর্থ লেনদেন বন্ধই থাকছে।

একই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ পাঠানোর সুবিধাও পুরোপুরি স্থগিত রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’, সিটি ব্যাংকের ‘সিটিটাচ’, ডাচ্‌-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপেই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্র জানায়, নির্বাচন কমিশনের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে নগদ অর্থ উত্তোলন ও জমার ওপর কড়া নজরদারি শুরু হয়েছে। কোনো হিসাবে এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি লেনদেন হলে তা বাধ্যতামূলকভাবে বিএফআইইউকে জানাতে হবে। প্রতিবেদনে অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংককে শাস্তির মুখে পড়তে হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বরাতে জানা গেছে, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে লেনদেনের সীমা আরও কমানো বা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ