জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের বৈঠক
জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন করে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্বের বিভিন্ন আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তি, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থা স্থাপনের বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে।
উপস্থাপনায় নতুন সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের অধিবেশনের প্রয়োজনের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে আলোচনা হয়। পরে উপস্থিত অতিথিরা এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতামত দিন