ফের উচ্চমাধ্যমিক চালু হচ্ছে ইডেন মহিলা কলেজে
ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের পাঠদান পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা পারভীন জানান, কলেজটির উচ্চ মাধ্যমিক স্তর কখনো স্থায়ীভাবে বন্ধ হয়নি; কয়েক বছর আগে এটি স্থগিত করা হয়েছিল। সেটি পুনরায় চালুর জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
তিনি বলেন, এ আবেদনের প্রেক্ষিতে গত রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাওয়া গেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে, কবে এবং কেন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান বন্ধ করা হয়েছিল এবং পুনরায় চালু করতে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কি না।
অধ্যক্ষের মতে, এই স্তরের ক্লাস পুনরায় চালু করতে অতিরিক্ত কোনো খরচ হওয়ার কথা নয়। তিনি জানান, কবে থেকে এই কার্যক্রম স্থগিত রয়েছে সে তথ্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করা হবে।
প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে একটি প্রস্তাব আকারে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৩ মার্চ উচ্চ মাধ্যমিক স্তরের পাঠদান পুনরায় চালুর অনুমতি চেয়ে আবেদন করে কলেজ কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কলেজ অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে