Views Bangladesh Logo

আমদানি বেশি, রপ্তানি কম বাংলাদেশের জন্য নতুন কিছু নয়: বাণিজ্যমন্ত্রী

দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের আমদানি বেশি এবং রপ্তানি কম হওয়াকে অস্বাভাবিক বা অভিনব কোনো বিষয় হিসেবে দেখছেন না পাট ও বস্ত্র এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর মতে, বিশ্বের অনেক দেশেই আমদানির তুলনায় রপ্তানি কম। বাংলাদেশের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে এমন চিত্র চলে আসছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের কাজিরবাজার এলাকায় নিজের বাসায় সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে আমদানি রপ্তানির চেয়ে বেশি। দেশের শিল্প উৎপাদনে প্রয়োজনীয় বিপুল পরিমাণ কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়। ফলে আমদানির পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি থাকে। তিনি বলেন, এখনো প্রতিবছর দেশে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টন গম আমদানি করতে হয়। তবে চালসহ বেশ কিছু কৃষিপণ্যে বাংলাদেশ এরই মধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি রপ্তানির নতুন বাজার ও খাত তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শুধু আমদানি ও রপ্তানির ব্যবধান কমানোই নয়, নতুন বিনিয়োগ আকর্ষণ করে সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করতে হবে। এসব খাতে উৎপাদন বাড়িয়ে রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ভারসাম্য উন্নত করার কাজ চলছে। এর সুফল ভবিষ্যতে পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে জেলা পর্যায়ে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব ৩০ জন মন্ত্রী ও সংসদ সদস্যকে দেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা এবং বিরোধী দলের পক্ষ থেকে আইনি পদক্ষেপের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, এ দায়িত্ব দলীয় কর্মকাণ্ডে সমন্বয়হীনতা তৈরি করবে না। বরং বিভিন্ন এলাকায় দলের সাংগঠনিক শক্তি পর্যালোচনা ও কার্যক্রমে নতুন গতি আনতে এটি ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দল একটি নির্দিষ্ট পরিকল্পনা ও কৌশলের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন এলাকায় দায়িত্ব দিয়েছে। যাঁরা যে দায়িত্বে কাজ করবেন, তাঁরা দলের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবেই দায়িত্ব পালন করবেন।

কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ