হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ
দুর্নীতির অভিযোগে আলোচিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।
সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে জমা দেন। পরে সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল করা হয়। দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন।
অভিযোগে বলা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় বিচারপতি রেজাউল হাসান পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়—যা অভিযোগকারীর মতে ন্যায়বিচারের পরিপন্থি।
আবেদনে অভিযোগগুলো তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে