চুনারুঘাটের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না তিনি।
বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্বে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইছা।
শুনানি শেষে আইনজীবী লিটন আহমেদ জানান, প্রায় ২১ মাস পর এ মামলায় জামিন পেয়েছেন ব্যারিস্টার সুমন। তবে তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় জামিন মিললেও বাকি চারটি মামলার জামিন আবেদন হাইকোর্টে শুনানির অপেক্ষায় থাকায় এখনই মুক্তি সম্ভব নয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ওই বছরের ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। মামলায় আরও প্রায় ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জের চুনারুঘাট থানাসহ মোট সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মতামত দিন