জঙ্গি হামলার শঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার প্রেক্ষিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা পাওয়ার পর বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এসব স্থাপনায় আগে থেকেই কঠোর নিরাপত্তা বলয় বিদ্যমান ছিল, নতুন নির্দেশনার পর তা আরও জোরদার করা হয়েছে।
এর আগে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে। তবে ওই সংগঠনের নাম প্রকাশ করা হয়নি।
বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর—ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ মোট আটটি বিমানবন্দর চালু রয়েছে। এসব স্থানে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি (এভসেক), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে