Views Bangladesh Logo

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।


তারেক রহমান বলেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর দেখতে পাচ্ছি, যারা নতুন জালিম হিসেবে আর্বিভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, তাদের পরিচিত সেসব প্রেস আছে সেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। এই গুপ্তের দল, এই জালেমের দল বলছে, তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, আপনারা তো নির্বাচনের আগে জাল ব্যালট ছাপাচ্ছেন, নির্বাচনের আগেই তো আপনাদের লোকজন মা-বোনদের এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমই তো আপনারা অনৈতিক কাজ দিয়ে শুরু করছেন, অনৈতিক কাজ দিয়েই তো মানুষের ভোটকে প্রভাবিত করতে চাচ্ছেন। যাদের ভোটের শুরুটা অনৈতিক, তারা কি সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না।’

তিনি আরও বলেন, ‘মা-বোনদের অপমান করার পরে তারা বলে, তারা এ কাজ করেনি। তারা বলছে, তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তাদের আইডি হ্যাক হয়নি। যখন তারা ধরা পড়েছে, তখন তারা বিভিন্ন রকম মিথ্যা কথা বলা শুরু করেছে।’


তারেক রহমান বলেন, জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। যে দলের নেতার মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা আশা করতে পারে না।


এর আগে দুপুর ১২টার দিকে তিনি হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। দীর্ঘ দুই দশক পর তিনি আবারও বরিশালে এলেন। হেলিকপ্টার থেকে নামার পর তারেক রহমানকে স্বাগত জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ নেতারা। তাঁর আগমনকে কেন্দ্র করে প্রশাসনও নিরাপত্তা জোরদার করেছে। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন।


সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। প্রিয় নেতাকে একনজর দেখতে সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। মঞ্চে তার উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত নির্বাচনী জনসমাবেশের মূল কার্যক্রম। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে মাঠজুড়ে নেতাকর্মীদের ঢল এখনও অব্যাহত রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের সব প্রার্থী উপস্থিত রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ