আইভরি কোস্টের কোচ হয়ে ফিরলেন হার্ভে রেনার্ড
আইভরি কোস্ট জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন ফরাসি কোচ হার্ভে রেনার্ড। দেশটির ফুটবল ফেডারেশন (এফআইএফ) বুধবার আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দিয়েছে।
৫৭ বছর বয়সী রেনার্ড দায়িত্ব নিয়েছেন এমের্স ফায়ের স্থলাভিষিক্ত হয়ে। ২০২৪ সালে আইভরি কোস্টকে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতালেও ফায়ের সঙ্গে আর নতুন করে চুক্তি নবায়ন করেনি ফেডারেশন।
ফায়ের অধীনে আইভরি কোস্ট প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল। তবে শেষ ৩২-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় দলটি।
রেনার্ড এর আগে ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইভরি কোস্টের দায়িত্ব পালন করেন এবং ২০১৫ আফ্রিকান নেশন্স কাপ জিতিয়ে দেশটিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান। আফ্রিকান ফুটবলে তার সাফল্য ঈর্ষণীয়। ২০১২ সালে জাম্বিয়াকে ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা এনে দিয়েছিলেন তিনি।
এ ছাড়া মরক্কো, ঘানা, অ্যাঙ্গোলা, তিউনিসিয়া ও সৌদি আরবের জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন রেনার্ড।
২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কোচ হিসেবে আলোচনায় আসেন তিনি। তার অধীনেই গ্রুপ পর্বে পরবর্তী বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে অন্যতম বড় অঘটন ঘটিয়েছিল সৌদি আরব।
২০২৪ সালে আবারও সৌদি আরবের দায়িত্ব নিলেও ২০২৬ বিশ্বকাপের আগেই তাকে বরখাস্ত করা হয়।
আইভরি কোস্টে দ্বিতীয় মেয়াদে রেনার্ডের প্রথম পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বরে, ২০২৭ আফ্রিকান নেশন্স কাপ বাছাইপর্বে ঘানার বিপক্ষে ম্যাচে।
উল্লেখ্য, ২০২৭ আফ্রিকান নেশন্স কাপের চূড়ান্ত পর্ব যৌথভাবে আয়োজন করবে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা।
মতামত দিন