উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসছেন হিরো আলম
ঘুমের ওষুধ সেবনে অসুস্থ হয়ে পড়া আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে নেওয়া হচ্ছে ঢাকায়।
শুক্রবার (২৭ জুন) বিকেলে তাকে নিয়ে ঢাকার পথে রওনা দেন তার স্ত্রী রিয়া মনি। এর আগে, ঐদিন বেলা ১২ টার দিকে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই সময় তিনি অচেতন ছিলেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছিল।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে হিরো আলম তার বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে আসেন। রাতে আলোচনা শেষে পৃথকভাবে দুজন ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে শুক্রবার সকালে অনেক ডাকাডাকির পরও হিরো আলমকে জেগে তোলা যাচ্ছিল না। ওই সময় তার বিছানায় ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন তার বন্ধু জাহিদ। তখনই তড়িঘড়ি করে তাকে হাসপাতাল নেওয়া হয়।
হিরো আলমের বন্ধু জাহিদ জানান, সম্প্রতি রিয়া মনিকে নিয়ে ঘটে যাওয়া ঘটনায় খুব হতাশ ছিলেন হিরো আলম। সেই হতাশা থেকেই হয়ত অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন তিনি।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন ভিউজ বাংলাদেশকে বলেন, হিরো আলম পুরোপুরি আশঙ্কামুক্ত। তিনি শজিমেক হাসপাতাল থেকে বিকেলেই ছাড়পত্র নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার দিকে রওনা দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হিরো আলমের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, হিরো আলম স্ত্রী রিয়া মনিকে সম্প্রতি তালাকের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের সম্পর্কে জটিলতা সৃষ্টি হয়। তবে হিরো আলমের অসুস্থতার খবর পেয়ে রিয়া মনি বগুড়ায় ছুটে আসেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকার দিকে রওনা দিয়েছেন।
মতামত দিন