ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন অসহায় মা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচার সইতে না পেরে তাদের পুলিশে সোপর্দ করেছেন এক অসহায় মা।
রোববার (২ আগস্ট) বিকেলে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)-কে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ছেলে মাদকাসক্ত হয়ে পড়ায় বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন মা পারভীন আক্তার। মাদকের টাকা জোগাড়ে তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বারবার চেষ্টা করেও ছেলেদের স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যর্থ হন মা। সম্প্রতি দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠে এবং প্রায়ই তাকে মারধরসহ বাড়িতে অশান্তি সৃষ্টি করত।
রোববার সকালে তারা মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মাকে হত্যার হুমকি দেয়। নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের ধরে পুলিশে সোপর্দ করেন মা। পরে ইউএনও শাহিনা নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকেই কারাদণ্ড দেন।
এর আগে শুক্রবার একই ধরনের নির্যাতনের শিকার হয়ে ফান্দাউক ইউনিয়নের আটকুড়া গ্রামে বারজু মিয়া নামে আরেক বাবা তার মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছিলেন। ভ্রাম্যমাণ আদালত তাকেও আট মাসের সাধারণ কারাদণ্ড দেন।
নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতামত দিন