অষ্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২
অষ্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ডের কেয়ার্নস শহরে হোটেলের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ দুজন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ১টা ৫০ মিনিটে হিলটন হোটেলের ছাদে দুই ইঞ্জিনবিশিষ্ট একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় হোটেল ভবনটিতে আগুন ধরে যায়। সে সময় হোটেলের শত শত অতিথিকে অন্যত্রে সরিয়ে নেয়া হয়।
জরুরি সেবার এক কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারের প্রোপেলারের ব্লেডগুলো হোটেলের পুকুরে পড়েছে। এ সময় দুজন আহত হয়। এদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারের পাইলট ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাদের শনাক্ত করতে ফরেনসিক তদন্ত চলছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বিষয়ে তদন্ত করছে কুইন্সল্যান্ড পুলিশ এবং এভিয়েশন সেফটি ওয়াচডগ।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, তারা ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠাচ্ছে।
অপর এক বিবৃতিতে নটিলাস এভিয়েশন বলেছে, এই ‘অননুমোদিত ব্যবহারের’ কারণ অনুসন্ধান করতে তারা কুইন্সল্যান্ডের সকল কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে