বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের
বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।
রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেন, ‘গণহত্যাকারী ফ্যাঁসিস্ট দল’ হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে ফ্যাঁসিবাদবিরোধী সব পক্ষের সমর্থন ও সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের উচিত নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনা প্রকাশ করা।
‘আওয়ামী লীগ পরিচয়ে কোনো সামাজিক ও রাজনৈতিক তৎপরতা চলতে দেয়া যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ‘ছদ্মবেশী ভারতীয় দালালদের’ কারণে ৫ মে ‘শাপলার গণহত্যা, পিলখানা হত্যা, গুম-খুন ও চব্বিশের গণহত্যার’ বিচারিক প্রক্রিয়া গতিহীন হয়ে পড়েছে। প্রতিটি ‘গণহত্যার’ ঘটনায় আরো গভীর অনুসন্ধান ও তদন্তের পর পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করুন। যে বা যারাই এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, তারা দেশের জনগণ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু হিসেবে চিহ্নিত হবে’- বলেন তারা।
হেফাজত নেতারা বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে মতভেদ তীব্র আকার ধারণ করেছে। আমরা মনে করি, কোনো একক গোষ্ঠী বা ব্যক্তিবিশেষের ইচ্ছার ওপর এটি নির্ভর করার সুযোগ নেই। বরং পর্যাপ্ত রাষ্ট্র-সংস্কার, ‘গণহত্যার’ বিচার, জাতীয় ঐকমত্য ও জনগণের স্বতঃস্ফূর্ত চাহিদার ভিত্তিতে সংসদ নির্বাচন হতে হবে। আমাদের রাষ্ট্রকে পুরোনো ‘ফ্যাঁসিস্ট কাঠামো ও দাসত্বের শৃঙ্খলে’ আমরা ফিরে যেতে দেব না।
তারা বলেন, ‘দেশের সংখ্যাগরিষ্ট মুসলমান জনগণের ঈমান-আকিদা, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা অটুট রেখে রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। ‘পাশ্চাত্য ও হিন্দুত্ববাদী চেতনা নির্ভর ভোগবাদী দর্শন’ কোনো কল্যাণ বয়ে আনবে না। সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, আলেম-ওলামা ও তৌহিদি জনতার সমর্থন ছাড়া কারো পক্ষে বৈধ পন্থায় ক্ষমতায় যাওয়া কিংবা টিকে থাকা সম্ভব হবে না’।
তারা বলেন, ‘ছয়মাসের পর্যবেক্ষণে আমাদের মনে হয়েছে, এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সংস্কারও আবশ্যক হয়ে পড়েছে। অধিকাংশ উপদেষ্টার অদক্ষতা ও ব্যর্থতা ইতোমধ্যেই দৃশ্যমান। অনেকের মধ্যে জুলাই বিপ্লবের চেতনাও অনুপস্থিত। ফ্যাঁসিবাদী ব্যবস্থা বিলোপে কাজ না করে কেউ কেউ হঠাৎ পেয়ে যাওয়া চেয়ার নিছক উপভোগ করছেন। এভাবে বেশিদিন চলতে পারে না। জনগণের মধ্যে অনিশ্চয়তা ভর করেছে। ফলে বর্তমান বহুমুখী সঙ্কট মোকাবেলায় ব্যর্থদের বাদ দিয়ে চৌকস ও বিপ্লবী মানসিকতার ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানাচ্ছি’।
হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছে হেফাজত।
মতামত দিন