টানা পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন এলাকায় টানা পাঁচ দিন ভারী বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ জুন) সকালে আগামী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মাঝারি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
পরবর্তী দুই দিনে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজশাহী ও নীলফামারী জেলা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রোববার ও সোমবার কিছুটা কমতে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।
মতামত দিন