৩ বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ একই এলাকায় সক্রিয় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং তিনটি বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় সক্রিয় রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতি প্রভাবিত হচ্ছে।
এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
একই সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে