দেশের ৬ বিভাগে ভারী বর্ষণের আভাস
দেশের ছয়টি বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরেন আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এবং এটি একই এলাকায় বিরাজমান থেকে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য অংশে এটি মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টার আবহাওয়ার উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে, এই সময়ে দেশের সর্বোচ্চ ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মতামত দিন