সাজেকে ভারী বৃষ্টিতে পাহাড়ধস, আটকা চার শতাধিক পর্যটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় বুধবার রাতের ভারী বৃষ্টিপাতে একাধিক স্থানে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেখানে আটকে পড়েছেন অন্তত ৪২৫ জন পর্যটক।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পকনগর এলাকায় ভূমিধস হয়েছে। এর মধ্যে নন্দারাম পয়েন্টে ধসের মাত্রা সবচেয়ে বেশি।
ফায়ার সার্ভিস দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে মাটির পরিমাণ বেশি হওয়ায় সেনাবাহিনী এক্সকাভেটর ব্যবহার করে রাস্তা পরিষ্কার করার কাজে যোগ দিয়েছে।
ইউএনও শিরিন আক্তার আরও জানান, রাস্তা পরিষ্কারের কাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু করা হবে। ইতোমধ্যে আটকে পড়া পর্যটকদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।
আবহাওয়া এখনো অস্থিতিশীল থাকায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। প্রশাসন সবাইকে প্রয়োজন ছাড়া পাহাড়ি এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে