আজও ঢাকায় ভারী বৃষ্টি, ৮ বিভাগে ঝড়-বৃষ্টির আশঙ্কা
গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশজুড়ে টানা ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আর এই বর্ষণের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। এ ছাড়াও ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনজীবন ব্যাহত হচ্ছে।
এদিকে আজও ৮ বিভাগে দমকা হাওয়াসহ হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে।
মতামত দিন